১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার সরকারি জমি উদ্ধার

সেখানে আট থেকে ১০টি আধাপাকা ও টিনের ঘর তুলে বিভিন্ন ব্যবসা পরিচালনা করছিলেন দখলদাররা।

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার সরকারি জমি উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারের বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 06:16 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে দখল করে রাখা কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

রোববার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার থেকে স্থাপনা উচ্ছেদ করে জমি দখলমুক্ত করা হয় বলে জানান শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. সাইফ উদ্দিন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার বাকাকুড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ০ দশমিক ৩৬ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখেন প্রভাবশালীরা। সেখানে আট থেকে ১০টি আধাপাকা ও টিনের ঘর তুলে বিভিন্ন ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।

সকালে অভিযান চালিয়ে ১ নম্বর খতিয়ানের ২৩২৮ নম্বর দাগের ০ দশমিক ২২ একর এবং ২৩৩১ নম্বর দাগের ০ দশমিক ১৪ একর খাস জমির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পরে সেখানে সরকারের পক্ষে শেরপুর জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার মালিকানা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, উপজেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাস জমি দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন। বাকাকুড়া বাজারের উদ্ধার করা জমিতে প্রস্তাবিত কাংশা ইউনিয়ন ভূমি অফিসের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। 

খাস জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

অভিযানে ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তা, ঝিনাইগাতী থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।