১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বসতঘরে নারীর লাশ; মুরগির ঘরে নাতি-নাতনির

‘ইট বা লাঠির আঘাতে’ হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 12:54 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

খুলনায় নাতি-নাতনিসহ এক নারীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। 

রোববার রাতে নগরের লবণচরা এলাকায় তাদের লাশ মেলে। 

পুলিশ বলেছে, নারীর লাশটি ছিল বসতঘরে; আর শিশু দুটির নিথর দেহ পড়েছিল পাশের একটি মুরগির খামারে। 

নিহত তিনজন হলেন— লবণচরা এলাকার মুক্তা কমিশনারের কালভার্টের পাশ্ববর্তী দরবেশ গলির আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেছা (৫৫), নাতি মুস্তাকিম (৮) ও নাতনী ফাতিহা (৬)।

শিশু দুটির মা রুবি আক্তার বাগেরহাটের রামপালে ভূমি অফিসে চাকরি করেন। বাবা শিফার আহমেদের কর্মরস্থল খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, “শিশু দুটির মা-বাবা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে চাকরিতে যান।

“সন্ধ্যায় বাড়ি ফিরে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

এরপর ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ পাওয়া যায় বলে তথ্য দেন ওসি। 

তিনি বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

“বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না। তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুরের পর ইট বা লাঠির আঘাতে তিনজনকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করার চেষ্টা করছি।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মুস্তাকিম-ফাতিহার মা রুবি আক্তার সাংবাদিকদের বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।