হিলি স্থলবন্দরে ৩ দিনের ‘কলম বিরতি’
সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কোনো কাজ করেননি।
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ‘কলম বিরতি’ কর্মসূচি পালিত হয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে তিন দিনের ‘কলম বিরতি’র অংশ হিসেবে বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর কাস্টমস ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে অবস্থান করলেও কোনো কাজ করেননি।
তবে দুপুর ২টার পর তারা কাজ শুরু করলেও আমদানি-রপ্তানি কার্যক্রমে এর তেমন কোনো প্রভাব পড়েনি।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের সমর্থন আছে।”
একজন কর্মকর্তা বলেন, “এমনিতেই এখন এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম একেবারের কমে গেছে। সকাল ১০টা থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করলেও কাজ শুরু হয় দুপুর থেকেই। ফলে আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পরেনি।”
বৃহস্পতি ও শনিবার ‘কলম বিরতি’ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।
