Published : 22 May 2026, 09:10 PM
বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে; যারা একটি বাসায় ‘গোপন বৈঠক’ করছিলেন বলে ভাষ্য পুলিশের।
শুক্রবার নগরীর বিএম কলেজ রোডের একটি বাসার দ্বিতীয় তলায় ‘বেস্ট লাক আইটি’ কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার চরবাড়িয়া গ্রামের আমিনুল ইসলাম ইমরান (২৭), রাতুল খান (২০), জাকারিয়া মীম (২২), ইমন ভূঁইয়া (২১), মো. ইব্রাহিম (২১), রিয়াদ খান (১৯), তানভীর ইসলাম (২০), কাগাশুরা গ্রামের মো. মোরছালিন (২১), শায়েস্তাবাদ ইউনিয়নের রায়হান খান (২১) এবং পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রবিউল ইসলাম (২৬)।
ওসি আল মামুন উল ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা গোপনে বৈঠক করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।
“এ সময় তাদের কাছ থেকে ১৮টি প্লেকার্ড, চারটি স্টিকার, ছাত্রলীগের একটি ব্যানার, একটি বগি দা ও একটি স্টিলের পাইপ জব্দ করা হয়।”
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ১০ জনসহ অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে মামলা করেছে বলে জানান ওসি আল মামুন উল ইসলাম। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।