Published : 16 Oct 2024, 12:36 AM
সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপির চিকিৎসা, সেবার মান ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন।
সারজিস আলম বলেন, “সিআরপিতে অনেক সমস্যা রয়েছে। আমাদের কাছে একাধিক তথ্য ও ছবি এসেছে এখানে রোগীদের বেডপ্যাডের পরিবর্তে পেপার দেওয়া হচ্ছে। এই পেপার ময়লা জিনিস, দোকানে কেজি দরে কিনতে পাওয়া যায়। ক্ষতস্থানে পেপার লেগে ইনফেকশন হতে পারে।
“সিআরপির আরেকটি বড়া সমস্যা হল এখানের পরিবেশ অনেক নোংরা। এখানে নতুন ভবন আছে যার পরিবেশ ভালো। কিন্তু এখানের একজন বললেন, আজ থেকে কয়েকবছর আগে যে কক্ষগুলো পরিত্যক্ত হয়েছে সেখানে রোগী রাখা হচ্ছে। এগুলোর অবস্থা গুদামের থেকেও খারাপ, সেটা তো যৌক্তিক হতে পারে না। ভালো পরিবেশে রোগী থাকলে দ্রুত ভালো হবে, খারাপ পরিবেশে রোগী থাকলে সেই রোগী আরও খারাপের দিকে যাবে।”
তিনি বলেন, “আমাদের আসার খবর শুনে হাসপাতালের বিভিন্ন কক্ষের ফ্লোর তড়িঘড়ি করে মুছা হচ্ছে। স্যাভলন দেওয়া হচ্ছে। এগুলো এক-দুই দিনের জন্য আমাদের দেখিয়ে লাভ নেই। আমরা প্রত্যেকদিন আসতে পারবো না। এটা হতে হবে ৩৬৫ দিনের জন্য। রোগীরা এখানে জিম্মি হয়ে থাকতে পারে না।”
এখানকার খাবারের মানও ভালো না অভিযোগ করে সারজিস আলম বলেন, “রোগীরা যেদিন খাবারের মান নিয়ে অভিযোগ দেয় তার পরদিন খাবার ভালো দেয়। অনেকেই অভিযোগ করেছেন, এখানে যে খাবার দেওয়া হয় তা খাওয়া যায় না। আবার বাইরে থেকে কেউ খাবার নিয়ে গিয়ে খেতে চাইলেও নিতে দেয় না কর্তৃপক্ষ। এই দায় এখানকার ম্যানেজমেন্টের নিতে হবে। আমাদের কাছে এমনও অভিযোগ আছে, ১৫ দিনেও একজন চিকিৎসক রোগীকে দেখতে যায় না।”
এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানান সারজিস আলম।
সারজিস আলমের অভিযোগের বিষয়ে সিআরপিতে কর্মরত কয়েকজনের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন।