রংপুরে অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর
রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
রংপুরে ট্রাকের চাপায় এক জনস্বাস্থ্য প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদের জানান।
নিহত দিলওয়ার হোসেন (৪৮) রংপুর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি নাজমুল কাদের বলেন, প্রকৌশলী দিলওয়ার হোসেন মোটরসাইকেলে করে সিও বাজার অফিসের দিকে যাচ্ছিলেন। পথে পেছন থেকে সৈয়দপুরগামী একটি ট্রাক তার মোটসাইকেলে জোরে ধাক্কায় দেয়।
“এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর পুলিশ গিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
