Published : 09 Aug 2025, 12:28 PM
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার রাতে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খাঁন।
আটকরা হলেন- আহম্মদ ফারুক রবিন, আহম্মদ আল আরেফিন রিমন ও আহসান আহম্মেদ। এর মধ্যে রবিন ও রিমন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেন মেম্বারের ছেলে এবং এহসান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে।
তাদের কাছ থেকে দুইটি পিস্তল, তিনটি রাম দা, পাঁচটি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, দুটি গুলি, ৮৩টি ইয়াবা, একসেট সেনাবাহিনীর ইউনিফর্ম, ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের চারটি খাতা, ইয়াবা প্যাকেট করার এক বান্ডেল ফয়েল উদ্ধার করা হয়েছে।
ক্যাপ্টেন রাহাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রগুলো দিয়ে তারা মানুষকে ভয়ভীতি দেখাতো।
আটকদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি।