Published : 13 Sep 2026, 03:22 PM
দেশে সারের কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, “সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।”
রোববার দুপুরে জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “এই অঞ্চলের ৮০ ভাগ জমিতে সারের প্রয়োজন আছে। কিন্তু আমি জানি, বর্তমানে যারা সারের ডিলার রয়েছেন, তারা ভিন্ন মতের একটি রাজনৈতিক দলের লোক। তারপরও আমরা তাদের সঙ্গে বসেছি।”
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, উপজেলা ও জেলা পর্যায়ের যেসব সাংবাদিক আর্থিক সহযোগিতা চান, তাদের আমরা সহযোগিতা দেই।
“আমাদের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য যে ৬ কোটি টাকা বরাদ্দ আছে, সেটা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য আমি ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।”
তিনি বলেন, “তবে এই বছর দেওয়া যাবে কি-না সেই বিষয়ে একটু পর্যালোচনা চলছে। তবে এই বছর যদি পুরোটা নাও হয় আগামী বছর পুরোটা হবে বলে বিশ্বাস করি।”
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবীর তালুকদার শামীম, জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুল ও জামালপুর-২ আসনের এ ই সুলতান মাহমুদ বাবু এ সময় বক্তব্য দেন।