১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে বোমা ফাটিয়ে সোনার দোকানে ‘ডাকাতির’ চেষ্টা, স্থানীয়দের প্রতিরোধ

”একদল মুখোশধারী ব্যক্তি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল করে এসে জুয়েলারি ব্যবসার জন্য পরিচিত ডাক্তার পট্টিতে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।”

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2025, 11:24 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

ঝালকাঠি শহরের ডাক্তার পট্টিতে সোনার দোকানে হাতবোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা স্থানীয়দের প্রতিরোধে মুখে ব্যর্থ হয়েছে।

রোববার ইফতারের সময়ের এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল মুখোশধারী ব্যক্তি পিকআপ ভ্যান ও মোটরসাইকেল করে এসে জুয়েলারি ব্যবসার জন্য পরিচিত ডাক্তার পট্টিতে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে পড়ে। এরমধ্যেই স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে মুখোশধারীরা পিকআপ নিয়ে ফায়ার সার্ভিস মোড়ের দিকে পালিয়ে যায়।

এসময় প্রণব কুমার নাথ ভানু (৫৮), মাহমুদুল হাসান আদিল (৪০) ও মানিক (৩৫) আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামান। 

এ ঘটনায় জনগণের মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানকার সোনার দোকানগুলোসহ শহরের বেশ কিছু এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, যখন সবাই ইফতারে ব্যস্ত ছিল তখন একদল মুখোশধারী হাতবোমা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ-জনতার সম্মলিত প্রচেষ্টায় মুখোশধারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলার তথ্য দিয়ে তিনি বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর টহল দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

উজ্জ্বল গিনি হাউজের মালিক উজ্জ্বল কর্মকার বলেন, ঝালকাঠির ডাক্তার পট্টিতে গত দশ বছরে একাধিকবার সন্ধ্যার পরে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। যেকারণে সন্ধ্যার সময় সতর্ক থাকেন। 

”সন্ধ্যার সময় রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিতে চেয়েছিল ডাকাতরা। কিন্তু বোমার শব্দ শুনে লোকজন ভয় না পেয়ে উল্টো রাস্তায় নেমে আসে এবং ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়।”