Published : 15 Mar 2026, 04:45 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক কৃষককে শ্বাসরোধ করে হত্যার দায়ে নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার ইকোরি এলাকার আ. বারির ছেলে আসাদুল ইসলাম (৩৫), গুরুদাসপুর উপজেলার সোনাবাজু এলাকার ইয়ারুল প্রামানিক ছেলে রশিদ প্রামানিক (৪২), একই এলাকার কাঁচুর খাঁ স্ত্রী আরিফা খাতুন (৩০) এবং জিয়াউর রহমানের ছেলে জিহাদ আলী (৩৪)।
মামলার বরাতে পিপি রুহুল আমিন বলেন, ২০২০ সালে ১৫ জুন মোবারক হোসেন (৪০) ইকোড়ি এলাকায় মাঠে পাট ক্ষেতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে আর ফিরে আসেননি।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যার পর পাট ক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় মোবারকের লাশ পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘটনার পরদিন মোবারক আলীর স্ত্রী রানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন বলে জানান পিপি।
একই বছরের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বড়াইগ্রাম থানার এসআই রবিউল ইসলাম চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা মোবারককে পাট ক্ষেতে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। আটকের পর জিজ্ঞাসাবাদের আসামিরা পরিকিয়ার জেরে তাকে হত্যা কথা স্বীকার করেন বলে জানান পিপি রুহুল আমিন।
সাক্ষ্যগ্রহণ শেষে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন বছর কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।