১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে: সাখাওয়াত হোসেন

দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন নৌ-পরিবহন উপদেষ্টা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2024, 08:26 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কেউ যেহেতু রাজনীতি করে না; তাই সংস্কার শেষে নির্বাচন করার ম্যান্ডেট আছে। তবে সময় হলেই সব পরিষ্কার হবে।”

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সাখাওয়াত হোসেন বলেন, “সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে, তা কীভাবে সমাধান হবে তা একটি বিষয়। তবে এখনই এ বিষয়ে হাত দিবে না বর্তমান সরকার।”

তামাবিল স্থলবন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সমস্যা সমাধান করে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এর আগে বেলা ১১টায় নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন তামাবিল স্থলবন্দরে পৌঁছে বন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন। 

পরে স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত তামাবিল স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক এই সেনা কর্মকর্তা।

এ সময় বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে আমদানি করা পাথরের ওজনে যৌক্তিক ছাড়, লেবার হ্যান্ডেলিং, ইয়ার্ড ব্যবহারে অতিরিক্ত ট্যারিফ প্রতিবন্ধকতা, বন্ড এরিয়া বৃদ্ধি এবং স্থল বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানান।

পরে বেলা ৩টায় পর্যটনকেন্দ্র জাফলংয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।