Published : 05 Oct 2025, 02:41 PM
কক্সবাজারের টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। ক্যাম্পে নথিভূক্ত হলেও এ দম্পতি বাইরে ভাড়া বাসায় থেকে মাদক কারবারে জড়িত ছিল বলে দাবি বিজিবির।
রোববার ভোরে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় নেজামের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটকরা হলেন- একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)। তারা টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভূক্ত বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পেয়ে ভোরে ইসলামাবাদ এলাকায় অভিযান চালায় বিজিবি। পরে বিজিবির ডগ স্কোয়াডের এক সদস্যসহ সন্দেহজনক ঘরটিতে তল্লাশী চালানো হয়।
এ সময় ডগ স্কোয়াড সদস্য বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ হাজার ৪০০টি ইয়াবার চালান শনাক্ত করে।
আশিকুর রহমান বলেন, আটক দম্পতি টেকনাফ পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করলেও প্রতিমাসে রোহিঙ্গা ক্যাম্প থেকে রেশন নিয়ে আসত। আর আইয়ুব রাজমিস্ত্রী পেশার আড়ালে স্বামী-স্ত্রী মিলে একাধিক হাত বদলের মাধ্যমে মাদকের চালান স্থানীয় ও অন্য মাদক কারবারীদের পৌঁছে দিত।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।