যশোরে বাড়ি থেকে ‘অপহৃত’ কিশোরী উদ্ধার, তরুণ গ্রেপ্তার
এ ঘটনায় মামলা দিয়ে ওই তরুণকে আদালতে পাঠায় পুলিশ।
যশোরের শার্শা উপজেলায় অপহরণ মামলার আসামি এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকেও।
মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার শার্শা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শার্শা থানার ওসি মো. শামিনুল হক।
গ্রেপ্তার নূর মোহাম্মাদ বাবু (২১) শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
মামলার বরাতে ওসি শামিনুল বলেন, মঙ্গলবার সকাল বাড়ি থেকে ১৪ বছরের মেয়েটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়েটির মা থানায় অভিযোগ করেন।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা বাজার থেকে নুর মোহাম্মাদকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিশোরীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে ওই তরুণকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
