১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে গণপূর্তের কার্যালয়ে ঢুকে প্রকৌশলীকে হুমকির অভিযোগ

“আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারাপ আচরণ করেছেন। এ ঘটনায় খুব বিব্রতবোধ করছি।”

লক্ষ্মীপুরে গণপূর্তের কার্যালয়ে ঢুকে প্রকৌশলীকে হুমকির অভিযোগ
লক্ষ্মীপুরে গণপূর্ত বিভাগ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

লক্ষ্মীপুরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে ঢুকে এক নির্বাহী প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভুক্তভোগী জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান চৌধুরী। তবে হুমকির কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ঘটনার দিন সোমবার ওই কার্যায়ের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন সদর মডেল থানায় জিডি করেন বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার এএসআই নুরুল করিম চৌধুরী।

জিডিতে হুমকিদাতা হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শিপন লাহাড়ির নাম উল্লেখ করা হয়েছে। তবে শিপন এমন অভিযোগ অস্বীকার করেছেন।

জিডির বরাতে পুলিশ জানায়, ঘটনার দিন বিকালে শিপন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে চিৎকার-চেঁচামেচি করেন। এ সময় তিনি নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারী-স্টাফদের সঙ্গেও অসদাচরণ করেন। এক পর্যায়ে শিপন তাদেরকে মারধর করার জন্য তেড়েও যান। শেষে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যান তিনি। 

উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, “শিপন বহিরাগত লোক। আমাদের কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীসহ কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন।”

নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান বলেন, “আমি এখানে সেবা দিতে এসেছি। লোকটি খুবই খারাপ আচরণ করেছেন। এ ঘটনায় খুব বিব্রতবোধ করছি।”

অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে শিপন বলেন, “ঘটনা তেমন কিছুই না। তাদের নিজেদের কিছু লোক উস্কে দিয়ে এসব করাচ্ছে।” 

এএসআই নুরুল করিম চৌধুরী বলেন, সাধারণ ডায়েরির অনুমতির জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।