২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘কোরআন অবমাননা’: নরসিংদীর কলেজ শিক্ষিকার অপসারণ দাবি হেফাজতের

বক্তারা অভিযোগ করেন, নাদিরা ইয়াসমিন তার লেখার মাধ্যমে কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা করেছেন।

‘কোরআন অবমাননা’: নরসিংদীর কলেজ শিক্ষিকার অপসারণ দাবি হেফাজতের
সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের অপসারণ দাবি করে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

কোরআন অবমাননার অভিযোগ এনে নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের অপসারণ দাবি করেছে হেফাজতে ইসলাম।

রোববার বেলা ১১টায় জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

পরে নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন। হেফাজতে ইসলাম শিক্ষিকাকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। দাবি আদায় নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা বশির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মুফতি রশিদ আহমেদ, মুফতি রবিউর ইসলাম, সহসভাপতি প্রিন্সিপাল আব্দুল নূর, সাধারণ সম্পাদক ইসমাইল নূরপুরী, দপ্তর সম্পাদক মুফতি নুরুল হুদা, নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, আহমেদ মিয়া ও নুরুল হুদা।

বক্তারা অভিযোগ করেন, নাদিরা ইয়াসমিন তার লেখার মাধ্যমে কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এটা ইসলাম ধর্মের মানুষদের ক্ষুব্ধ করেছে। এসব মতবাদের মধ্য দিয়ে তিনি ‘মুরতাদ’ হয়ে গেছেন। তাকে ‘তওবা’ করতে হবে।    

বক্তারা আরও বলেন, হেফাজতের দাবি মানতে প্রশাসন ব্যর্থ হলে জেলায় আইনশৃঙ্খলা পরিপন্থি যে কোনো অঘটনের জন্য প্রশাসনই দায়ী থাকবে।