১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটকের মৃত্যু, আহত ৫

সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী অটোরিকশাটিকে ট্রাক্টরটি ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

সিলেটে পাথরবাহী ট্রাক্টরের চাপায় পর্যটকের মৃত্যু, আহত ৫
সিলেটের কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া পর্যটকবাহী অটোরিকশা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাক্টরের ধাক্কায় পর্যটকবাহী অটোরিকশার এক যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার বেলা ১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কে উপজেলার ভোলাগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।

নিহত মো. জিয়াউল হক (৬৫) জামালপুর জেলার মোবারক চেয়ারম্যানের ছেলে।

আহতরা হলেন- সম্রাট (৩৭), তার স্ত্রী সুমাইয়া (২৮), মেয়ে সাওদা (১০), ছেলে সিনান (৮) এবং অটোরিকশা চালক রমজান আলী। এদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রতন শেখ বলেন, পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে শাহ আরেফিন টিলার পাথর নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চাচ্ছিল। এ সময় সিলেট থেকে পর্যটকবাহী একটি অটোরিকশা সাদাপাথর পর্যটনকেন্দ্রের দিকে যাচ্ছিল। 

পথে পাথরবাহী ট্রাক্টরটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জিয়াউলকে মৃত্যু ঘোষণা করেন।

ওসি রতন শেখ বলেন, জিয়াউল পরিবারসহ সিলেটে এসেছিলেন ঘুরতে এসেছিলেন। মৃতদেহের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।