বেনাপোল ইমিগ্রেশনে ২ সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক
জব্দ করা ১০০ গ্রাম সোনার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
যশোরের বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে দুটি সোনার বারসহ ভারতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে; যিনি পাচারের উদ্দেশে এসব বহন করছিলেন বলে ভাষ্য কাস্টমস গোয়েন্দাদের।
বুধবার বিকালে পাসপোর্টধারী যাত্রীর শরীর তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি সোনার বার পাওয়া যায় বলে জানান বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক।
আটক মোবারক হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার তাজুউদ্দীনের ছেলে।
সাজিদ মাহাদুদ কৌশিক বলেন, ভারতে যাওয়ার সময় ওই যাত্রীর আচার-আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সোনার কথা স্বীকার করেন।
পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে জানান তিনি।
তিনি বলেন, “ওই যাত্রীর শরীরের ভেতর আরও সোনা লুকানো আছে কিনা, তা জানতে এক্সরে করা হয়। কিন্তু পাওয়া যায়নি। তার বিরুদ্ধে পাচার আইনে মামলা করা হবে।”
বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনা পাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ভারতে ঢুকে পড়ছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।
