Published : 31 May 2026, 05:11 PM
চাঁদপুর সদর উপজেলায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার বেলা দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত জানান।
নিহত মো. জোহা (১৭) বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। তাদের গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।
আহত ২০ বছর বয়সী সাজ্জিল একই গ্রামের পাটওয়ারী বাড়ির আবু তাহের পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, বাড়ি থেকে বেরিয়ে বাইক চালিয়ে জোহা ও তার বন্ধু সাজ্জিল ফরিদগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছিল। পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জোহা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোহাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল হাসান বলেন, “হাসপাতালে আনার আগেই জোহা নামের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।”
পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ট্রাকটি বাইকে থাকা দুজনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ সুরতহাল করা হয়েছে। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।