১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেসিসির এক পশুর হাট থেকেই সাত দিনে আয় ২ কোটি ১৫ লাখ

এবার হাটে ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত খুলনা বিভাগের সবচেয়ে বড় নগরের জোড়াগেট পশুর হাট থেকে এবার ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা হাসিল (রাজস্ব) আয় হয়েছে। 

এবার এ হাটে ২ হাজার ২৭০টি ছাগল, ৪ হাজার ৪৩৩টি গরু, ১৭৬টি ভেড়া এবং ১টি মহিষসহ ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ট্যাক্সেশন (বাজার) ও হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার। 

এসব পশু বিক্রি থেকে এবারও চার শতাংশ হারে হাসিল নেওয়া হয়েছে, তার মাধ্যমেই সিটি করপোরেশনের এ আয় হয়েছে। 

খুলনা সিটি করপোরেশনের আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর বলেন, গত বছর সাত দিনে এ হাটে ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল। সেখান থেকে সিটি করপোরেশনের আয় হয়েছিল ২ কোটি ৭ লাখ টাকা। 

২০০৯ সাল থেকে প্রতিবছর নিজস্ব ব্যবস্থাপনায় খুলনা সিটি করপোরেশন ঈদের আগের সপ্তাহজুড়ে এই হাটের আয়োজন করে আসছে। 

এ ধারাবাহিকতায় গত ২১ মে এ পশুর হাটের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার ঈদের দিন সকাল পর্যন্ত হাটটি চালু ছিল। 

হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার বলেন, এ হাটে বিভিন্ন জেলা থেকে পশু আসে এবং ক্রেতা-বিক্রেতার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

তিনি বলেন, নগরে পশু রাখার জায়গার সংকট থাকায় অনেক ক্রেতাই ঈদের এক-দুই দিন আগে পশু কিনতে চান। এ কারণে এ হাটের মূল কেনাবেচা সাধারণত ঈদের আগের দুই দিন ও ঈদের দিন সকাল পর্যন্ত বেশি হয়।