Published : 05 Mar 2026, 05:59 PM
নতুন হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ। সোমবার সেই আবেদন মঞ্জুর করে আদালত।
সিদ্ধিরগঞ্জ থানার এ মামলাটি আইভীর পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন বলে জানান আব্দুস সামাদ।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এ মামলায় পুলিশের তদন্ত কর্মকর্তা যৌক্তিক কোনো কিছু আদালতে উপস্থাপন করতে পারেননি। তারপরও আদালত তাকে জামিন দেননি।
“মনগড়াভাবে আইভীকে হয়রানি করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার মধ্য দিয়ে জাতির কাছে ম্যাসেজ যায় যে, এখনো দেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানি হয় এবং দেশে আইনের শাসন নাই।”
এর আগে ৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে ২৬ ফেব্রুয়ারি আদালতে আবেদন করে পুলিশ। ওইদিন আগের পাঁচটি মামলায় হাই কোর্ট আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়।
গত বছরের জুনে বিস্ফোরক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় করা সেলিম হত্যা মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও ‘তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ায়’ গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ।
মামলা থেকে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ভবনের তৃতীয় তলায় ডাচ বাংলা ব্যাংকের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী পুড়ে মারা যান। তিন দিন পর তাদের লাশ ভবনটি থেকে উদ্ধার করা হয়।
তাদের একজন ছিলেন ২৯ বছর বয়সি সেলিম মণ্ডল। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর চরজগন্নাথপুর গ্রামে। মৃত্যুর ১০ মাস পর গত বছরের ৬ জুন সেলিমের বাবা ওয়াজেদ আলী হত্যা মামলাটি করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট সেলিনা হায়াৎ আইভীকে নাসিক মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র এবং নাসিকের নির্বাচনে পরপর তিনবার নির্বাচিত হয়েছিলেন।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঁচ মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার আইভী
পাঁচ মামলায় জামিন সেলিনা হায়াৎ আইভীর, মুক্তি মিলছে না এখনই