Published : 05 May 2026, 04:53 PM
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, একটি ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, সোমবার রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে তোলা হয়েছে।
গ্রেপ্তার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।
স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, সোমবার বিকালে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় নয়ন থানায় মামলা করতে যান। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মোবাইলফোনে কল দেওয়া হয়। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলছেন, “কি একটা কাজে নয়ন থানায় যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না।”
এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি শাহীন মিয়া বলেন, “কয়েকমাস আগে রায়পুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতারা একটি মশাল মিছিল বের করেছিল।
“ওই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।”