১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রেমের টানে অবৈধ পথে ভারতে প্রবেশের পর মারধরের শিকার আনোয়ার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিবি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 04:16 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

প্রেমের টানে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের পর মারধরের শিকার হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক ব্যক্তি। পরে সীমান্ত থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিবি।

মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।

আহত মো. আনোয়ার হোসেন (৪৫) ওই উপজেলার উত্তর নলকুড়া গ্রামের মো. মজিবরের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আনোয়ারের সঙ্গে ভারতীয় এক নারীর প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানে তিনি বারবার জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সীমান্ত পার হতেন। গত বছরও একই কারণে ভারতে প্রবেশ করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন আনোয়ার। তবুও দমানো যায়নি তাকে।

বিজিবি জানায়, মঙ্গলবার রাতে জিরো পয়েন্ট অতিক্রম করে ভারতের প্রায় ৩৫০ গজ ভেতরে ঢুকে পড়েন আনোয়ার। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছাতেই অন্ধকারে ওঁৎ পেতে থাকা একদল পাহাড়ি বা গারো লোক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় গুরুতর জখম হন আনোয়ার।

আহত অবস্থায় কোনো মতে বাংলাদেশে ফিরে আসলে বিজিবির সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বলেন, সীমান্ত রক্ষা, মাদক ও চোরাচালানসহ যেকোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তবে সীমান্ত আইন অমান্য করার ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটছে।