Published : 10 Aug 2026, 01:25 PM
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ; যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ-৫।
গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ; এক বছরের ব্যবধানে তা কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন; যা গত বছর ছিল ১৪ হাজার ৯৮৯ জন।
সোমবার দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রংপুর বিভাগের আটটি জেলার মোট এক লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক লাখ চার হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন।
তবে পাসের হার এবং জিপিএ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। এর মধ্যে সাত হাজার ১৫২ জন ছাত্রী এবং ছয় হাজার ৪৮৭ জন ছাত্র। শতভাগ পাস করেছে ২৮৩টি বিদ্যালয়। আর ১৮টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি।