খুলনায় যুবককে ‘মাথায় পিস্তল ঠেকিয়ে’ গুলি করে হত্যা
কী কারণে ইমরানকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
খুলনায় এক যুবককে ‘মাথায় পিস্তল ঠেকিয়ে’ গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছে পুলিশ।
ইমরান মুন্সী নামের ৩২ বছর বয়সী এই যুবক মাদারীপুরের মুন্সীবাড়ির বাবুল মুন্সীর ছেলে। তিনি খুলনা নগরীর মুন্সীপাড়ার দ্বিতীয় গলিতে ভাড়া থাকতেন।
পুলিশের দাবি, ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড’ বাবুর তৈরি সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় লোকজন বলেছেন, ইমরান ইট-বালুর ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “রাত পৌনে ৮টার দিকে ইমরান হেঁটে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে করে আসা তিন যুবক তার পথ আটকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এরপর তারা দ্রুত মোটরসাইকেলে করে পুলিশ লাইন্সের দিকে চলে যান।”
ওসি বলেন, স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ইমরানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ কমকর্তা শফিকুল ইসলাম বলেন, ইমরানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টার কথা বলেছেন তিনি। তবে কী কারণে ইমরানকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
