০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যশোরে সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 12:53 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

তবে উপস্থিতি টের পেয়ে অস্ত্র পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শার্শার পাচঁভূলোট সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

বিজিবি অধিনায়ক বলেন, চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটক করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তলের আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং ম্যাগজিনের মূল্য ৫ হাজার টাকা; সেগুলি শার্শা থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানান বিজিবির  এ কর্মকর্তা।