ফেনীতে থানায় অগ্নিসংযোগ-লুটের ঘটনায় মামলা, আসামি ১০ হাজার
হামলা অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পুলিশের।
ফেনীর ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার ৪৩ দিন পর মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত পরিচয় আট থেকে ১০ হাজার জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম।
তিনি বলেন, “৫ অগাস্ট সরকার পতনের দিন বিকালে আমিসহ ডিউটিরত পুলিশ সদস্যরা থানায় অবস্থান করছিলাম। বিকাল ৪টার দিকে হঠাৎ সংঘবদ্ধ বিশৃঙ্খল জনতা থানায় ঢুকে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হই।
“এক পর্যায়ে তারা থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। আগুনে থানার সব মামলার নথিপত্র, ওয়ারেন্ট, কম্পিউটার, পুলিশের চারটি গাড়ি, থানা কমপ্লেক্সে রক্ষিত ৪৭টি মোটরসাইকেলসহ আসবাবপত্র ছাই হয়ে যায়। আগুনে ভস্মীভূত হয় থানার প্রশাসনিক ভবন, পুলিশ ব্যারাক, ওসির বাসভবনসহ সব স্থাপনা।”
ওসি হাসান ইমাম বলেন, একই সময় থানা থেকে ২৩টি অস্ত্রসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে ২৩টি অস্ত্রের মধ্যে ৩টি পিস্তল ও দুটি শটগান ছাড়া ১৮টি অস্ত্র থানায় জমা দেওয়া হয়।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
ঘটনার সকল তথ্য উপাত্ত, থানার আশপাশের সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে প্রচার হওয়া সকল ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি হাসান ইমাম।
