১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে হোটেল রুম ‘সোল্ড আউট’

দুর্গাপূজার ছুটি কাটাতে দেশের নানা প্রান্ত থেকে সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক।

বৈরী আবহাওয়াতেও কক্সবাজারে হোটেল রুম ‘সোল্ড আউট’
শারদীয় দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সৈকতে ভ্রমণপিপাসুদের ভিড়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2025, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

আকাশ মেঘে ঢাকা। ভোর হতেই ঝুম বৃষ্টি। বেলা বাড়তে বৃষ্টি কিছুটা কমলেও আবহাওয়া অধিদপ্তর বার্তা দিয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। আর সমুদ্রের ঢেউও আজ একটু বেশি উত্তাল।

এসবকে পাত্তা না দিয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি কাটাতে দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। ফলে সৈকত এখন ভ্রমণপিপাসুদের ভিড়ে সরগরম। হোটেল ও মোটেল রুম ‘সোল্ড আউট’।

বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা গেছে, বৃষ্টির মধ্যেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছে পরিবার-পরিজন নিয়ে আসা পর্যটকরা। অনেকে আবার বৃষ্টির ভেজা ছাপ নিয়ে ছবি তুলছেন। আর শিশু-কিশোররা দৌড়ে বেড়াচ্ছে বালুচরে।

ঢাকা থেকে আসা পর্যটক নুসরাত জাহান বলেন, “আবহাওয়া একটু খারাপ হলেও আমাদের কাছে এটা অন্যরকম আনন্দ। বৃষ্টির ভেতর সমুদ্র দেখা অসাধারণ অভিজ্ঞতা। তবে হোটেল রুম পেতে বেশ বেগ পেতে হয়েছে।”

হোটেল ব্যবসায়ীরা বলছেন, ছুটি হলেই এখন এমন ভিড় হয়। কক্সবাজার হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, “এবারের পূজা ও টানা ছুটিতে পর্যটক চাপ অভাবনীয়। প্রায় সব হোটেল-মোটেল রুম ‘সোল্ড আউট’ হয়ে গেছে। আগাম বুকিং ছাড়া রুম পাওয়া কার্যত অসম্ভব।”

‘হোটেল কক্স টুডের’ জ্যেষ্ঠ কর্মকর্তা আবু তালেব বলেন, তাদের হোটেলে অগ্রিম বুকিং ছিল। নতুন করে কোনো রুম খালি নেই।

পর্যটকের ভিড়ে সরব হয়ে উঠেছে স্থানীয় ব্যবসাও। সৈকতের আশপাশের ফাস্টফুড দোকান, রেস্তোরাঁ, বিচ-বাইক, ফটোগ্রাফার, সবখানেই জমে উঠেছে রোজগার।

স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের ভাষ্য, “প্রকৃতি আর কি আসে যায়, মানুষ চলে আসে আনন্দ খুঁজতে। এতে আমাদের ব্যবসার চাকাও সচল হয়েছে।”

এদিকে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। পর্যটক নিরাপত্তায় সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ রয়েছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে টহলও জোরদার করা হয়েছে।”

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সেইসঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

এত সতর্কবার্তা উপেক্ষা করে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন সৈকতে। কারও হাতে রঙিন ছাতা, কারও কাঁধে শিশু। সবমিলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবের ছুটিকে প্রাণবন্ত করে তুলেছে সৈকত।