১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আঁধারে গুলি, দুজন গুলিবিদ্ধ

কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে’ ব্রাহ্মণবাড়িয়া শহরে রাতের আঁধারে গুলিতে দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় পৌর এলাকার কান্দিপাড়ায় এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান। 

আহতরা হলেন- শহরের বাসিন্দা টুটুল মিয়া ও শিহাব উদ্দিন। তারা ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুজনই শঙ্কামুক্ত জানিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর ই আবেদীন সিফাত বলেন, টুটুলের পায়ে ২০-২৫টি রাবার বুলেট এবং শিহাবের হাত-পায়ে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। 

আহত টুটুল মিয়া বলেন, কান্দিপাড়ার মাদরাসা রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে চা পান করছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য শাকিল গুলি করে। তার ডান পায়ে ছররা গুলি লাগে এবং তার পাশে থাকা শিহাব উদ্দিনেরও হাত-পায়ে গুলি লাগে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। 

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন সময় শাকিলের অপকর্মের প্রতিবাদ করায় সে এ কাণ্ড ঘটিয়েছে।”

আহত শিহাব উদ্দিন বলেন, তিনি টুটুল মিয়ার পাশেই দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। কিছু বুঝে উঠার আগেই তার হাতে-পায়ে গুলি লাগে। 

“কী হয়েছে বলে এগিয়ে গেলে তাকেও গুলি করতে উদ্যত হয় ওই ব্যক্তি। পরে আমি সরে যাই।”

এদিকে শাকিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চোরাচালান পণ্য নিয়ে তাদের নিজেদের মধ্যে গোলাগুলি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত সেটি নিয়ে তদন্ত চলছে।”