১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

“ককটেলটি হাতে তৈরি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 02:35 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুল হকের সরকারি বাসভবনের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পোস্ট অফিস রোডে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন জানিয়েছেন।

বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।  

তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার বলেন, “ককটেলটি গেটের ভেতরে একজন নিরাপত্তা প্রহরীর কাছাকাছি ফাঁকা জায়গায় বিস্ফোরিত হয়। ককটেলটি হাতে তৈরি ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত করছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলছেন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ ঘটনা এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এর আগে ২৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।