Published : 12 Aug 2025, 09:05 PM
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. ওমর ফারুক।
বক্তব্যে বলা হয়, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে জানা গেছে, এবার প্রাথমিকে বৃত্তি পরীক্ষা হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এতে আরও বলা হয়, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।
নেতারা পরিপত্রটি বাতিলের দাবি জানান। তারা বলেন, ২০ অগাস্টের মধ্যে যদি দাবি বাস্তবায়িত না হয়, এরপর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, ‘মার্চ ফর ঢাকা’সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. শাহ আলম মুন্সী, কচুয়া উপজেলা সভাপতি শাহ্ মো. জাকির উল্লাহ, সম্পাদক মোহাম্মদ আলী, মতলব উত্তর সম্পাদক এস কে শহীদ, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহমেদ বাদল, সম্পাদক মোস্তফা কামাল, ফরিদগঞ্জ সভাপতি রেজাউল করিম মাসুদ, সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাইমচর সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক হাফিজুর রহমান।