Published : 12 Aug 2025, 08:53 PM
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে বুধবার সমগ্র বিভাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় আন্দোলনের ১৬তম দিনে ‘ব্লকেড’ কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন মহিউদ্দিন রনি।
এর আগে বেলা সাড়ে ১২টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ ও সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেন আন্দোলনকারীরা।
এতে ঢাকা থেকে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের সঙ্গে সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে পুলিশ বিকল্প পথে কিছু যাত্রীবাহী বাস নগরীর কাশিপুর হয়ে লাকুটিয়া সড়ক দিয়ে নগরীর নাজিরের পোল, স্ব-রোড, পোর্ট রোড দিয়ে গন্তব্যে গিয়েছে।
এ ছাড়া নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম এ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তখন ভিন্ন পথে চলাচল করেছে যানবাহন।
বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠক রনি বলেন, “আমরা বরিশালবাসী শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সবাই ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছি। হাসপাতালের সিন্ডিকেট দালাল চক্র খুবই শক্তিশালী। তাদের সিন্ডিকেট ভেঙে দিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস দিতে কেন এত ভয় হয়। আমরা বুঝতে পারছি, তিনি হয়তো ভয় পাচ্ছেন।”
তিনি বলেন, “১৬ দিন ধরে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে। তারা অনশন করতে বসে গেছে। পাঁচজন শিক্ষার্থী অনশন করছে। ৪০ ঘণ্টা পার হয়ে গেছে। তারা এক ফোঁটা পানি খেয়ে দেখেনি। তাদের যদি কোনো ক্ষতি হয় এর দায় সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে।”
সংবাদ সম্মেলন শেষে ছাত্র-জনতা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে অবস্থান নিয়ে অনশন করা পাঁচ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাত করেন। তখন অনশনকারীরা জানান, স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত তারা অনশন অব্যাহত রাখবেন।
এদিকে সকালে অসুস্থ হয়ে পড়া দুই শিক্ষার্থীকে স্যালাইন ও অক্সিজেন দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারা কিছু সময় পর সেবা নেওয়া থেকে বিরত থাকে।
অনশন করা শিক্ষার্থী শাফিন মাহমুদ বলেন, তাদের দুই-একজনের মৃত্যুতে যদি হাজারো মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়; তাহলে সেই মৃত্যু গ্রহণ করতে তারা রাজি আছেন।
স্বাস্থ্য সংস্কার আন্দোলনের মুখপাত্র নাভিদ নাসিফ রাত পৌনে ৮টায় জানান, এখনো তিনজন অনশনরত অবস্থায় রয়েছে। রাত ৯টায় মোমবাতি প্রজ্জ্বালন করা হবে।

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক
স্বাস্থ্যখাত সংস্কারসহ তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্র-জনতার রোষানলে পড়েন এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে নথুল্লাবাদা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন- সরোয়ার তালুকদার (৫৬)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা।
আন্দোলনকারী বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থী মো. কামরুল ইসলাম বলেন, ওই ব্যক্তি বিক্ষোভের মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়। তখন ছাত্রসমাজ বিষয়টি অন্যভাবে নিয়েছে। তারা ওই ব্যক্তির দিকে তেড়ে যায়। যেন মব সৃষ্টি না হয়, তাই দায়িত্বশীলরা দ্রুত তাকে সরিয়ে নিয়ে পুলিশের কাছে তুলে দেয়।
আটক সরোয়ার তালুকদার বলেন, “আমার এক রোগী হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা পায়নি। তাই আমি আন্দোলনে শরিক হয়েছিলাম। ভুলে আমি স্লোগান দিয়েছি।”
মহানগর পুলিশের সহকারী কমিশনার রিয়াজ হোসেন বলেন, “আমরা তো ধরেনি। আইনশৃঙ্খলা রক্ষায় মব সৃষ্টি যেন না হয়, সেই চেষ্টা করেছি। কেন আসছেন, সেই বিষয়টি তো জানতে হবে। জেনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”