১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভারতে পালাতে গিয়ে’ আটক কুমিল্লার আওয়ামী লীগ নেতা

তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা আছে বলে বিজিবি জানায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 11:32 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

ভারতে পালানোর চেষ্টার সময় সীমান্ত এলাকা থেকে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি। 

সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাবের বিন জব্বার বিষয়টি জানান। 

তিনি বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া  সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। 

আটক জহিরুল ইসলাম ওরফে জহির (৪৫) কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে টুটুলের চাচাত ভাই। 

লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার বলেন, রোববার রাতে সুলতানপুর ব্যাটালিয়নের অধীন কাজিয়াতলী বিওপির টহল দল সীমান্ত পিলার ২০২৯/এম থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুতারমোড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন জহির। 

বিজিবির সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য দেন। 

পরে বিজিবি এলাকাবাসীর মাধ্যমে জহিরের পরিচয় জানতে পারে।

সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। 

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।