২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ১

“মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 09:45 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।  

গ্রেপ্তার শফিক প্রধান (৩৫) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা। 

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার রাতে শফিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই কিশোরকে মারধর করা হয়। 

১৭ বছরের ওই কিশোরকে আহত অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরের মা অভিযোগ করেন, সকালে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার হয়। পরে তাকে মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পেটানো হয়। 

“মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে মারধর করা হয়েছে। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ছেলেকে তাদের হাত থেকে বাঁচাতে পারিনি।”

তিনি বলেন, তার দুই ছেলে। তারা ঢাকায় কাজ করে। ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। 

এ ঘটনার খবর পেয়ে বুধবার বিকালে পুলিশ কিশোরের বাড়ি যায়। 

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলায় শফিককে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। জড়িত অন্যদেরও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।