Published : 16 Oct 2024, 01:41 PM
যশোরের শার্শা উপজেলায় রাস্তা পার হবার সময় ট্রাকের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গোগা সড়কের সাতমাইল তেতুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) কাজী শহিদুল ইসলাম।
নিহত হোসেন আলী (৩৫) সাতমাইল তেতুলতলা কলোনি গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক শহিদুল বলেন, সকালে হোসেন আলী বাগআঁচড়া সাতমাইল গোগা সড়ক পার হচ্ছিলেন। এ সময় বালু বোঝাই একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান।
শহিদুল আরও বলেন, খবর পেয়ে হোসেন আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।