১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ‘আগুন আতঙ্কে’ দুজনের মৃত্যুর কথা বললেন এমপি

মৃত্যুর সংখ্যা নিয়ে পুলিশের, প্রশাসনের ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 06:04 PM

Updated : 16 Sep 2026, 06:04 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘আতঙ্কে’ দুজনের মৃত্যুর কথা বলেছেন হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বুধবার সকালে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “অগ্নি-আতঙ্কে দুজনের মৃত্যু হয়েছে। তবে পদদলিত বা অগ্নিদগ্ধ হয়ে কেউ মারা যায়নি।”

দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলেও দাবি করেন তিনি।

গণমাধ্যমে ছয়জনের মৃত্যুর যে খবর এসেছে, তা সঠিক নয় দাবি করে সংসদ সদস্য বলেন, “মৃত্যুর তালিকায় জাহানারা বেগমের নাম থাকলেও তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।”

তবে অগ্নিকাণ্ডের পর মৃত্যুর সংখ্যা নিয়ে পুলিশের, প্রশাসনের ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ভিন্ন ভিন্ন তথ্য আসায় ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় ১১ নম্বর লিফটে আগুন লাগে। মুহূর্তে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন তলা থেকে অনেকে দ্রুত নিচে নামতে শুরু করলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় কয়েকজন আহত হয়।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের পর রাতে কয়েকজনের মৃত্যুর তথ্য ছড়ায়।

এরপর প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ আলোচনার পর রাত ১টার দিকে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা গেছেন এমন প্রমাণ পাওয়া যায়নি। তারপওর মৃত্যুর তথ্য তদন্ত করে দেখা হবে।

ওই রাতেই আবার পুলিশের পক্ষ থেকে দুজনের প্রাণহানির তথ্য জানানো হয়।

ঘটনাটি তদন্তে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আলাদা দুটি কমিটি গঠন করে।

অগ্নিকাণ্ডের কারণ ও মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে আগের তদন্ত কমিটি বাতিল করে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে গণপূর্তের দুই সদস্যকে বাদ দিয়ে বিদ্যুৎ বোর্ডের একজনকে নেওয়া হয়েছে।

হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেন, কীভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে, তদন্ত কমিটির প্রতিবেদনে তা স্পষ্ট হবে।

হাসপাতালের সব সমস্যা সমাধানে সময় দিতে হবে বলেও জানান তিনি।