বাইসাইকেলে যাচ্ছিলেন কারখানায়, বাস চাপায় প্রাণ গেল দম্পতির
কারখানার কাছাকাছি পৌঁছালে একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়।
ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ গেছে বাইসাইকেল আরোহী পোশাক শ্রমিক দম্পতির।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান।
নিহত মো. ইসরাফিল (৩৫) ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শৈলধন এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি এবং তার স্ত্রী স্বপ্না বেগম (২৬) শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজ করতেন।
গোলরা হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন ইসরাফিল ও স্বপ্না। কারখানার কাছাকাছি এলাকায় জামান এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে তাদের চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার জন্য দায়ী বাসটি পুলিশ জব্দ করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে যান।
শাহ আলম বলেন, ইসরাফিল ও স্বপ্নার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
