১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিয়মিত মাদ্রাসায় না যাওয়ায় শিশুকে পিটুনি, শিক্ষক গ্রেপ্তার

পুলিশ জানায়, উত্তেজিত জনতার কাছ থেকে বাঁচাতে শিক্ষককে হেফাজতে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 06:25 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিয়মিত মাদ্রাসায় না যাওয়ার অভিযোগে ১২ বছরের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, বুধবার উপজেলার কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়। তিনি থানায় ছিলেন। 

কিন্তু ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা না করায় শিক্ষককে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার মুফতি ইব্রাহিম বিন মুজিব ওই মাদ্রাসার শিক্ষক এবং নির্যাতনের শিকার শিশুর স্বজন।

ভুক্তভোগীর স্বজনদের বরাতে পুলিশ জানায়, দুই বছর আগে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই শিশুটি প্রায়ই কাউকে না জানিয়ে বাড়ি চলে যেত। বৃহস্পতিবার সে আবারও বাড়ি চলে যায়। তখন তার মা শিক্ষক ইব্রাহিমকে ডেকে ছেলেকে মাদ্রাসায় ফেরত নিয়ে যেতে বলেন।

বুধবার সকালে শিক্ষক ইব্রাহিম তাকে মাদ্রাসায় ফিরিয়ে নিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে পেটান। শিশুর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরিদর্শক রাজীব কান্তি নাথ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে নিজেদের হেফাজতে নেয়। শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।