১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে গবাদিপশু ও মাদকসহ ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্য, গবাদিপশু ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি আলাদা অভিযান পরিচালনা করে বিপুল মাদকদ্রব্যের পাশাপাশি গবাদিপশু ও বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করে; যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল-হক বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান নির্মূলে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। 

সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থান ও নিরবচ্ছিন্ন নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।