১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা, লাশে আগুন

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা, লাশে আগুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি ডোবা থেকে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকার এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের ডোবা-জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে কামারখন্দ থানার এসআই আব্দুর রউফ জানান। 

নিহত শামীম হোসেন (২৮) কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

লাশ উদ্ধারের পর এলাকার বিক্ষুব্ধ লোকজন এসিআই কারখানায় চড়াও হয়। তারা কারখানার বেশকিছু দরজা-জানালার গ্লাস ভাঙচুর করে।

এসআই আব্দুর রউফ বলেন, বুধবার দুপুরে শামীম বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাকে পায়নি। শুক্রবার দুপুরে নিহতের বাবা সাইফুল এসিআই ফুড লিমিটেড কারখানার পেছনের একটি ডোবা-জঙ্গলের ভিতর ছেলের মরদেহ দেখতে পান। 

“মানসিক প্রতিবন্ধী শামীমকে কুপিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলামত নষ্ট করার জন্য তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।” 

এসআই বলেন, ঘটনায় কারখানার লোকজন জড়িত থাকতে পারে এই সন্দেহে এলাকার বিক্ষুব্ধ লোকজন তাতে হামলা চালায় ও দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেছে। 

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে এসিআই ফুড লিমিটেড কারখানার বক্তব্য জানার চেষ্টা চলছে।