Published : 19 Sep 2024, 01:50 AM
নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ; যাদের ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
বুধবার ভোরে সীমান্তর্বর্তী ভড়কা দাঁড়া থেকে ওই দুজনকে আটক করে নিয়ে যাওয়ার কথা বলেছেন নীতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাইদুর রহমান।
যুবক দুইজন হলেন-শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর রহমান (৩৫) এবং শিতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে শম্ভু ইসলাম (২০)।
১৬ বিজিবি ক্যাম্পের সুবেদার মুনশেদ আলীর বরাত দিয়ে পোরশা থানার ওসি শাহিন রেজা বলেন, “আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হতে পারে।”
তবে এ বিষয়ে সুবেদার মুনশেদ বা বিজিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ইউপি সদস্য মাইদুর ও স্থানীয়রা বলেন, মঙ্গলবার রাতে শম্ভু ও সানাউরসহ ১০-১২ জনের একটি দল চোরাইপথে গরু আনতে নীতপুর ইউনিয়নের ভড়কা দাঁড়া দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বুধবার ভোরে গরু নিয়ে আসার পথে বিএসএফ সদস্যরা টের পান। এ সময় ২৩০ মেইন পিলারের শিতলীঘাট এলাকায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ৮৮ হরিসচন্দ্রপুর ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে এলেও শম্ভু ও সানাউরকে ধরে নিয়ে যায় টহল দল।
আটকদের হরিসচন্দ্রপুর ক্যাম্পে রাখা হয়েছে বলে স্থানীয়রা শুনতে পেরেছেন।