১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে অবৈধ সার মজুদ করায় ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

অভিযানে ১৬ বস্তা ইউরিয়া, ৭ বস্তা ডিএপি ও ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 12:22 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

অভিযানে মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্স-এর দুটি ঘরে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার পাওয়া যায়।

অবৈধভাবে এসব সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  প্রতিষ্ঠানটির মালিককে চার লাখ টাকা জরিমানা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ।

অপরদিকে, কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্স-এর দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা সার পরবর্তী সময়ে সরকারি মূল্যে ঐ ইউনিয়নের কৃষকদের কাছ বিক্রি করা হবে।