১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে ‘খুলনা মেইল এক্সপ্রেস’ লাইনচ্যুত, সৈয়দপুর-চিলাহাটি ট্রেন বন্ধ

পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 01:59 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

নীলফামারীতে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় জানিয়েছেন, রোবার সকাল ৮টার দিকে সদরের খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এতে সকাল থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস।

নীলফামারী রেলস্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি খয়রাতনগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

এ ঘটনায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসের চিলাহাটি, নীলফামারী ও ডোমার স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়। ফলে ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 খুলনাগামী রূপসা এক্সপ্রেসের যাত্রী আসাদুল ইসলাম বলেন, “সকাল থেকে ডোমার স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। পরে জানতে পারি, রকেট মেইল ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রূপসা ট্রেনটি সৈয়দপুরে রয়েছে। পরে বাসে করে সৈয়দপুর রেলস্টেশনে এসে ট্রেন ধরেছি।”

নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুন রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করছে। বিকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।