Published : 20 Aug 2025, 03:11 PM
পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অমরখানা ইউনিয়নের ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদোজা।
আটকরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মো. মনাব্বরের ছেলে মো. শামীম (৩২)।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে প্রায় ১৪০ গজ ভেতরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, আটকরা একাধিক দালালের মাধ্যমে ভারতে প্রবেশের জন্য মোট ৪৯ হাজার টাকায় চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন ফোন এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদোজা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।