Published : 07 Jun 2026, 06:02 PM
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে।
মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, রোববার বেলা সাড়ে ১০টার দিকে ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত আব্দুল হামিদ (৬৫) ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আটকরা হলেন- হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, আব্দুল হামিদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশ হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
রোববার সকালে হায়দারের নেতৃত্বে তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হাল চাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, “আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে সেখানে হাল চাষ করতে যায়। বিষয়টি জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে যান। তখন তাকে পিটিয়ে হত্যা করা হয়।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি খোরশেদ আলম জানিয়েছেন।