১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

রোববার রাতে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে (২৫) পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়।

নড়াইলে টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
রাজিব শেখ।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 11:42 AM

Updated : 11 Sep 2026, 03:42 PM

নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

মঙ্গলবার রাতে র‍্যাবের যশোর ক্যাম্প এবং সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। 

গ্রেপ্তার রাজিব শেখ (৪৫) লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।

এর আগে রোববার রাতে লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের নির্মাণ শ্রমিক আলিনুর ফকিরকে (২৫) পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় আলিনুর ফকিরের ভাই আমিনুর ফকির বাদী হয়ে রাজিব শেখকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের নামে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদ পেয়ে আলিনুর হত্যা মামলায় মঙ্গলবার রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে প্রধান আসামি রাজিব শেখকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এর আগে সোমবার রাতে ফরিদপুর জেলার বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার এজাহারনামীয় আসামি রহমান শেখকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৬।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গ্রেপ্তারকৃত আসামি রাজিবকে সাতক্ষীরা থেকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন---  

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা