২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ট্রাক চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 02:02 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশাটির আরোহী ছিলেন।

শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর থানার ওসি আফজাল হোসেন।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার  বৈলাব গ্রামের প্রয়াত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া গ্রামের রহির ছেলে অটোরিকশা চালক শাহিন (৩৫), মনোহরদী উপজেলার চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের মোস্তফা (৪৮),  ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী নয়ন তারা (৫০)।

স্থানীয়দের বরাতে ওসি আফজাল বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি দু্ই নারীসহ ৫ যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশাটির চালক ও যাত্রীসহ ছয় আরোহীর সবাই মারা যান। 

খবর পেয়ে যাত্রীদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন জানিয়ে ওসি আফজাল হোসেন বলেন, অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকের নীচে চাপা পড়ে।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। পরে ট্রাক চালককে আটক করা হয়।