৩ দিনেও খোঁজ মেলেনি পাবনার ইউপি সদস্য ফিরোজের
বৃহস্পতিবার দুপুরে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজার থেকে নিখোঁজ হন তিনি।
তিন দিনেও খোঁজ মেলেনি পাবনার ইউপি সদস্য রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
রফিকুল ইসলাম ফিরোজ (৪৫) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
শুক্রবার নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
জিডিতে আব্দুল লতিফ শেখ বলেছেন, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হন ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজার থেকে নিখোঁজ হন তিনি।
রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হাসেম বলেন, “আমার ছেলে কী অবস্থায় আছে কোনো খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি-না তাও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন।”
এ বিষয়ে আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইল ডাটা সংগ্রহ করে দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
