১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় পাম্পে জ্বালানি নিয়ে ফেরার পথে চলন্ত মাইক্রোবাসে আগুন

মাইক্রোবাসটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 10:02 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

বগুড়ার কাহালু উপজেলায় পাম্পে জ্বালানি তেল নিয়ে ফেরার পথে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দুপুরে উপজেলার নারহট্ট এলাকায় রহিম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু ফায়ার সার্ভিসের পরিদর্শক সবুজ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। চালক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সবুজ হোসেন বলেন, জ্বালানি তেল নেওয়ার জন্য গাড়িটি ফিলিং স্টেশনে এসেছিল। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত গাড়িটি সরিয়ে নেয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।