Published : 08 Feb 2026, 05:29 PM
বগুড়ার শেরপুর উপজেলায় বিএনপির একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে জামায়েত ইসলামীর বিরুদ্ধে।
উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামে এই ঘটনা ঘটে বলে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান জানান।
শনিবার গভীর রাতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, আগুনে বিএনপির অস্থায়ী নির্বচনি অফিসের টেবিলের ওপরে রাখা কাপড় ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে।
বিএনপি নেতা মাহফুজার রহমান বলেন, “নির্বাচনি প্রচার শেষে রাত দুইটার দিকে বাড়িতে যাই। সকালে জানতে পারি, আমাদের অফিসে আগুন দেওয়া হয়েছে।”
রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াতে ইসলামীর লোকজন এটা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
গাড়িদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক মেহেদী হাসান শিপলু বলেন, “এই এলাকা জামায়াত তাদের অধ্যুষিত অঞ্চল বলে দাবি করে। শনিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমাদের প্রার্থী গোলাম মো. সিরাজ পথসভা করেছেন। এজন্য আতঙ্ক সৃষ্টি করতেই তারা আমাদের অফিসে আগুন দিয়েছে।”
তবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এই কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত জেনে বিএনপি নিজেরাই আগুন লাগিয়ে আমাদেরকে দোষারোপ করছে।”
রোববার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন ও শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছন।
ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থাল পরিদর্শন করে আলামত জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।