০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুখাবয়ব নয়, আঙ্গুলের ছাপ মিলিয়ে পরিচয় যাচাইয়ের দাবি

‘কুড়িগ্রাম জেলার পর্দানশীন নারী সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

মুখাবয়ব নয়, আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই এবং তার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ করেছেন একদল নারী। 

সোমবার সকাল ১১টায় নারীরা মিছিল নিয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেন। ‘কুড়িগ্রাম জেলার পর্দানশীন নারী সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি হয়।

এর আগে তারা কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেন। এতে ১৬ বছর ধরে পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখার প্রতিবাদ জানান তারা।

এ সময় সংগঠক আহমদ উম্মুল হায়া লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরে বলেন, ১৬ বছর ধরে যেসব ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। 

সব ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গার প্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। পর্দানশীন নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখতে হবে।

উন্নত দেশগুলো আঙ্গুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র প্রদান করে দাবি করে বক্তারা বলেন, অথচ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হয়েও পর্দানসীন নারীরা আজ নাগরিকত্ব থেকে বঞ্চিত। এনআইডি না থাকায় বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।